স্বাধীনতা পূর্ব তৎকালীন পূর্ব পাকিস্থান প্রাদেশিক পরিষদ এর শিল্প, বানিজ্য ও শ্রম মন্ত্রী শেখ মুজিবুর রহমান লক্ষ্য করেন, কাস্টমস ক্লিয়ারেন্সসহ পশ্চিম পাকিস্থানের বৈষম্যমূলক নানা কুটকৌশলের কারণে পূর্ব-পাকিস্তানের বাঙালিদের ঢাকায় চলচ্চিত্র নির্মাণের সুযোগ নেই। তাই দূরদর্শী ও সংস্কৃতিমনা এ তরুণ নেতা পূর্ব পাকিস্তানের বাঙালিদের চলচ্চিত্র নির্মাণ বিষয়ক বিশেষায়িত প্রতিষ্ঠান প্রতিষ্ঠার লক্ষ্যে, ২৭ মার্চ ১৯৫৭ তারিখে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদ এর প্রথম অধিবেশনে ‘East Pakistan Film Development Corporation Bill, 1957’ পেশ করেন। যার ফলশ্রুতিতে একই অধিবেশনের শেষ কার্য দিবস ৩ এপ্রিল, ১৯৫৭ তারিখে বিলটি পাশ হওয়ার মধ্য দিয়ে East Pakistan Film Development Corporation এর যাত্রা নিশ্চিত হয়। যা স্বাধীনতা পরবর্তীকালে Bangladesh Film Development Corporation (BFDC) নামে পরিচিত হয়।